ফিজিওর পরামর্শে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্রাম শেষে এক ম্যাচ পর ফিরে এসেই আজ পেয়েছেন উইকেট।
শতভাগ ফিট না থাকায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তবে এখন আর কোন শঙ্কা নেই ফিটনেস নিয়ে তাইতো ফিজিও’র সবুজ সংকেত পেয়েই তৃতীয় ওয়ানডেতে ঝলক দেখালেন কাটার মাস্টার। নেলসনের স্যাক্সটন ওভালে আজ নিউজিল্যান্ডের ওই দুটো উইকেটেরই পতন হয়েছে। সে দুটিই পেয়েছেন দ্যা ফিজ।
নিজের প্রথম ওভারেই স্বাগতিক শিবিরে আঘাত করেন বাঁহাতি পেসার। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান টম লাথামকে সাজঘরে ফেরত পাঠান মুস্তাফিজ। কাটারমাস্টারের বলে এলবিডাব্লিউ হন লাথাম ।
শূন্য রানে মুস্তাফিজের বলে ইমরুলের হাতে জীবন পেয়েছিলেন নেইল ব্রুম। জীবন পাওয়ার পর বাংলাদেশের বোলারদের কড়া শাসন করেন ডানহাতি এ ব্যাটসম্যান। দারুণ ব্যাটিং করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু মুস্তাফিজ তাকে ঠিকই আটকালেন। ৯৭ রানে মুস্তাফিজের স্লোয়ারে গালিতে মাশরাফির হাতে ক্যাচ দেন গত ম্যাচে সেঞ্চুরির স্বাদ পাওয়া ব্রুম।
৯ দশমিক ২ ওভার বোলিং করে মাত্র ৩২ রানে নিয়েছেন দুই উইকেট।ইকোনোমি রেট-৩.৪২!
গত সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে নামেন মোস্তাফিজ। বল হাতে শুরুটা দারুণ ছিল কাটার মাস্টারের। তবে শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি তিনি।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ১০ ওভারই বল করে ৬২ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট লাভ করেন ইনজুরি কাটিয়ে নয় মাস পর দলে ফেরা মোস্তাফিজ।
সব মিলিয়ে দুই ম্যাচ ১৯ দশমিক দুই ওভার বল করে ৯৪ রানে নিয়েছেন চার উইকেট। ইকোনোমি রেট-৪.৮৬। সেই হিসাবে বলাই যায়, নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনেও আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান।








