অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে বিধ্বস্ত করার রাতে বার্সেলোনার হতাশার কারণ হয়েছিল দানি আলভেজের লাল কার্ড। অবৈধভাবে ট্যাকল করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পরেন আলভেজ।
তবে ক্লাব টুইটারে আলভেজের শাস্তি কমানোর ব্যাপারে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বার্সা।
লা লিগায় কঠিন সময় পার করছে জাভি হার্নান্দেজের দল। এ সময় দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারকে না পাওয়া দুশ্চিন্তার কারণ। তাই লিগ কর্তৃপক্ষের কাছে আপিলের আবেদন জানাবে ক্লাবটি।
দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সাকে। লা লিগায় তাদের পরের দুই ম্যাচ এস্পানিওল ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
তবে নিষেধাজ্ঞার ফলে ইউরোপা লিগে নাপলির বিপক্ষেও তার সার্ভিস পাবে না বার্সা। তাই অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জয় পেলেও মোটেও খুশি হতে পারছে না জাভি।
সেদিন ম্যাচের ৬৯ মিনিটে ইয়ানিক ক্যারাস্কোকে অবৈধভাবে ট্যাকল করলে রেফারি লাল কার্ড দেখায়। পরে জানা যায় আগামী দু ম্যাচে তার সার্ভিস পাবে না বার্সা। রেফারির এমন সিদ্ধান্তে খুশি হতে পারেনি আলভেজ।
খেলা শেষে তিনি বলেন, ‘আমি মনে করি রেফারির সিদ্ধান্ত কঠোর। ওই মুহূর্তে আমার পা নামানোর জায়গা ছিল না। আমি দ্রুত বুঝতে পেরে ছিলাম আমি তাকে আঘাত করেছি। আমি রেফারির কাছে দুঃখও প্রকাশ করেছিলাম।’
তবে ম্যাচে লাল কার্ড দেখার আগে লা লিগায় সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোলের দেখা পেয়েছিলেন আলভেজ।








