ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচেই হারের মুখে পড়েছে আর্সেনাল। তবে গার্নারদের কালো রাতে জয়ের দেখা পেয়েছে প্রথম ম্যাচে ড্র করা লিভারপুল। স্টোক সিটির মাঠে ১-০ গোলে হারে আর্সেন ওয়েঙ্গারের দল। আর একই ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারায় ইয়ার্গুন ক্লপের দল।
স্টোকের মাঠে শুরু থেকে আধিপত্য ছিল আর্সেনালেরই। কিন্তু একাধিক আক্রমণ করেও গোল মুখতে ব্যর্থ তারা। গার্নারদের দাপটের মধ্যেই ৪৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন এ মৌসুমেই ক্লাবে যোগ দেয়া সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার জেসে রদ্রিগেজ। তার গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য লিখে দেয়।
অন্য ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টালের বিপক্ষে ধুঁকেছে লিভারপুল। একাধিক সম্ভাবনাময় আক্রমণও করেছিল ক্রিস্টাল। কিন্তু কাজের কাজ করতে পারেনি তারা। পরে সাইদু মানের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুলই।
সি আ’তে রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস। ক্যাগলিয়ারিকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।। ম্যাচে একটি করে গোল করেন মারিও মানজুকিচ, পাওলো দিবালা ও হিগুয়েইন।
এছাড়া লা লিগায় শুরুটা ভাল হয়নি অ্যাটলেটিকো মাদ্রিদের। তবে মরা ম্যাচে প্রাণ পেয়ে শেষ পর্যন্ত অবশ্য হাসছেন ডিয়েগো সিমিওনে। এবারের নতুন দল জিরোনার বিপক্ষে দুই মিনিটের ব্যবধানে ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে তার দল। শেষ দিকে ড্র’র হাসি আবার মুছে গেছে আতোঁয়া গ্রিজম্যান লাল কার্ড পাওয়ায়।








