গতকাল (শনিবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেষ হয়েছে আড়ংয়ের চল্লিশ বছর পূর্তি উৎসব। আগের দিনগুলোতে নানা আয়োজনের পর সমাপনী দিন ছিল গানের মানুষদের প্রাধান্য। এসেছিলেন মিনার, জলের গান, জেমস। তারা মাতিয়েছেন হাজারও দর্শক।
সেখানে গাওয়ার কথা ছিল গিটার জাদুকর ও এলআরবি’র কর্ণধার আইয়ুব বাচ্চুর। কিন্তু তিনি বেঁচে না থাকায় ছিল তার শূণ্যতা। সেই গানের মঞ্চে হাজির হয়েছিল মুক্তির অপেক্ষায় থাকা দহন সিনেমার টিম। ছিলেন ছবির প্রযোজক আবদুল আজিজ, জাজের ব্যবস্থাপনা পরিচালক মোহ আজিজ, ছবির নায়ক সিয়াম, পূজা চেরী, রাজ রিপা প্রমুখ।
মঞ্চে ‘দহন’ ছবির প্রেমের বাক্স গানে পারফর্মের মাধ্যমে আসেন সিয়াম-পূজা। এরপর আবদুল আজিজ এসে হাজারও দর্শককে দহন দেখার আমন্ত্রণ জানান। একে একে সবাই দহন ছবি দেখার আমন্ত্রণ জানান। তারা বলেন, ১৬ নভেম্বর মুক্তি পাবে দহন। ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ সিনামাটি পরিচালনা করছেন রায়হান রাফী। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমার গল্প তৈরি হয়েছে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এই সিনেমায় সিয়ামকে দেখা যাবে একজন নেশাগ্রস্ত যুবক এবং পূজা চেরি গার্মেন্টস কর্মী। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম এবং রাজ রিপা।







