বৈদ্যুতিক সংযোগের সঙ্গে যুক্ত করা আর্থিং রড (গ্রাউন্ডিং রড) ব্যবহারে গুণগত মান নিশ্চিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আর্থিংয়ের রড ব্যবহারে গুণগত মান নিশ্চিতের ক্ষেত্রে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট পাঁচজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশেদুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
আইনজীবী রাশেদুল হক জানান, গত ৫ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘নিম্ন মানের গ্রাউন্ডিং রড, ঝুঁকিতে জীবন ও বিতরণ ব্যবস্থা’ শিরনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি যুক্ত করে মিজান মিয়া নামের ঢাকার এক ইলেকট্রিশিয়ান রিট আবেদনটি করেন। সেই রিটের শুনানি নিয়ে আদেশ দেন আদালত।








