অন্যান্য খেলা

আর্জেন্টিনাকে হারিয়ে টোকিও অলিম্পিকে গেল ব্রাজিল

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়ের ছবি, জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, জাতীয় দলের জার্সিতে, আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝুলে ছিল সম্ভাবনা, ২০২০ টোকিও অলিম্পিকে যেতে বিকল্প ছিল না জয়ের। এমন ম্যাচে আবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। সবকিছু মিলিয়ে পা পেছলানোর শঙ্কা। সেসব উড়িয়ে দিয়েই টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে বর্তমান সোনাজয়ী ব্রাজিল।

কলম্বিয়ার বুকারামাঙ্গায় রোববার রাতে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অলিম্পিকের মূলপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তিন গোলের দুটি করেছেন ম্যাথিয়াস কুনহা ও আরেকটি করেছেন পাওলিনহো।

অন্যদিকে হারেও ক্ষতি হয়নি আর্জেন্টিনার। কনমেবল অঞ্চল থেকে অলিম্পিকে জায়গা পাওয়া দুই দলের প্রথমটি হল তারা, দ্বিতীয়টি ব্রাজিল। দিনের আরেক ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েও অলিম্পিকের টিকেট পায়নি উরুগুয়ে।

চার দলের মধ্যে আর্জেন্টিনার পয়েন্ট ৬, ব্রাজিলের ৫। ৪ পয়েন্ট ছিল উরুগুয়ের, তলানিতে থাকা কলম্বিয়ার মাত্র ১ পয়েন্ট।

ছয় মহাদেশ থেকে মোট ১৬টি ফুটবল দেশ সুযোগ পেয়েছে অলিম্পিকে খেলার। স্বাগতিক হিসেবে কোনো বাছাইপর্ব খেলতে হয়নি জাপানকে। এশিয়ান অঞ্চলের বাকি দল অস্ট্রেলিয়া, সৌদি আরব ও সাউথ কোরিয়া।

ইউরোপ থেকে খেলছে চার দল- ফ্রান্স, জার্মানি, রোমানিয়া ও স্পেন। আফ্রিকা থেকে আছে তিন দল- মিশর, আইভরি কোস্ট ও সাউথ আফ্রিকা। ওশেনিয়া অঞ্চল থেকে খেলা একমাত্র দল নিউজিল্যান্ড। কনক্যাকাফ থেকে কারা খেলবে তা ঠিক হয়নি এখনো।

বিষয়:২০২০ টোকিও অলিম্পিক ব্রাজিল ফুটবল দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…