একবিংশ শতাব্দীর ফুটবল দুনিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তারা দুজন। ফুটবলের দুনিয়ায় বিশ্বসেরা হওয়ার দৌড়ে শুরুতেই উঠে আসে তাদের নাম। গত এক দশকে ফুটবলের প্রথমসারির পুরষ্কার তাদের ঝুলিতেই এসেছে। নাম দুটো লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
এতদিন ধরে দুই তারকাই একে অপরের প্রতি সম্মান দেখিয়ে এসেছেন। এবার আরো একধাপ এগিয়ে মেসির আর্জেন্টিনাকে সম্মান দেখালেন রোনালদো। তবে সিআর সেভেনের এই আর্জেন্টিনা প্রীতির কারণ মেসি নন, অন্য আরেকজন।
জর্জিনা রদ্রিগেজ। এই স্প্যানিশ মডেলের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন রোনালদো। তাদের জমজ সন্তানও রয়েছে। পর্তুগিজ তারকার আর্জেন্টিনা প্রীতির কারণ সেই জর্জিনাই।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিওতে রোনালদো জানান, ‘অনেকেই মনে করেন, আমি আর্জেন্টিনাকে পছন্দ করি না। কিন্তু জানাতে চাই, আমি আর্জেন্টিনা ও তার নাগরিকদের ভালোবাসি। আমার জীবনের ভালোবাসাই আর্জেন্টিনার বাসিন্দা। ওই দেশের প্রতি আমার রয়েছে বিশেষ ভালোবাসা।’
রোনালদোর এই ইনস্টাগ্রাম বার্তাটি পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে।
জর্জিনা স্প্যানিশ নাগরিক হলেও তার বাবা ছিলেন আর্জেন্টিনার। যদিও জর্জিনার জন্ম আর্জেন্টিনায় কিনা সেটা স্পষ্ট নয়। তবে বিশ্বকাপের মাত্র দুই মাস আগে রোনালদোর এই আর্জেন্টিনা প্রীতি নতুন করে ভাবাচ্ছে নীল-সাদা ভক্তদের।









