অন্যান্য

আরেফিন দীপন হত্যায় মামলা

আরেফিন দীপন হত্যায় মামলা

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডে মামলা দায়ের করেছেন তার স্ত্রী ডাঃ রাজিয়া রহমান জলি। ছোটবেলার বন্ধু ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ এবং নতুন আরও একটি প্রকাশনার  উদ্যোগ দীপনের কাল হয়েছে বলে মনে করেন তার বাবা।

কথা ছিলো দীপনের দাফনের পর রোববার রাতেই শাহবাগ থানায় মামলা দায়ের করবেন দীপনের বাবা। পরে পারিবারিক সিদ্ধান্ত হয় দীপনের স্ত্রী ডাঃ রাজিয়া রহমান জলি মামলার বাদী হবেন।

সে অনুয়ায়ী দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আসেন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তার কাছ থেকে মতামত শুনে মামলার এজাহারের খসড়া তৈরি করেন শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা।

পরে শাহবাগ থানায় এসে মামলা রেকর্ড করেন। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামী করা হয়নি। বলা হয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে তাকে। সাংবাদিকদের মুখোমুখী হয়ে দীপনের বাবা আইন ও বিচার নিয়ে তার অবস্থান তুলে ধরেন।

সরাসরি হত্যাকাণ্ডস্থলের কোন ভিডিও ফুটেজ সিসি ক্যমেরায় ধরা না পড়লেও আশপাশের ক্যামেরা ফুটেজ দেখে হত্যাকারী চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। মামলা দায়েরের পর তার তদন্ত ডিবির কাছে হস্তান্তর করা হতে পারে জানিয়েছে পুলিশ।

বিষয়:ফয়সাল আরেফীন দিপন ব্লগার খুন ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…