অ্যাংরি বার্ড, বড়ছেলে, ব্যাচ ২৭, বুকের বাঁ পাশে, ঋণী, দেখা হবে কি, ২২ শে এপ্রিল-এর মতো আলোচিত ও প্রশংসিত টিভি ফিকশন নির্মাণ করে দর্শকদের মনে দাগ কেটেছেন মিজানুর রহমান আরিয়ান।এরপর থেকে তার নির্দেশিত নাটক মানেই দর্শকের বাড়তি আগ্রহ!
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে তরুণ এই নির্মাতা নাটক-টেলিফিল্ম মিলিয়ে মোট পাঁচটি কাজ দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। এরমধ্যে আরিয়ান জানালেন, তার একটি টেলিফিল্মেই কাজ করেছেন ২৮ জন অভিনয় শিল্পী। যেটি বাংলা নাটকে একেবারেই বিরল!
চ্যানেল আই অনলাইনকে জনপ্রিয় এই নাট্য নির্মাতা বলেন, এই টেলিফিল্মটির নাম ‘কেইস ৩০৪০’। মুশফিকুর রহমান ও আমার যৌথ গল্প ভাবনায় টেলিফিল্মটির শুটিং শেষ করেছি আরও ১০ দিন আগে। নাটকটি রচনা করেছি আমি নিজেই।
মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘কেইস ৩০৪০’ পুরোপুরি থ্রিলার গল্পের টেলিফিল্ম। যেখানে একটি খুনের মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দেখা যাবে অপি করিমকে। তিনি সিআইডি’র এএসপি রূহানী চরিত্রে অভিনয় করেছেন। অতিথি চরিত্রে হাজির হবেন অপূর্ব ও মিথিলাকে।
এছাড়া জয়ন্ত চট্টোপাধ্যায়, শহিদুল আলম সাচ্চু, রওনক হাসান, তানজিকা আমিন, অন্তু, তানিয়া বৃষ্টি, বড়দা মিঠু, সালহা নাদিয়া, শাহরিয়ার রানা, অরিত্রি, শাহানা সুমি, লিমন, মাহাদি হাসান পিয়াল, হাসনাত পিয়াল, অরণ্য বিজয়, রাজেব সালেহীন, সাগর হুদা, মঈন প্রমুখ।
মিজানুর রহমান আরিয়ান বলেন, আমার কাজগুলোতে সবসময় শিল্পীদের উপস্থিতি বেশি থাকে। ‘লাইফ ইনস্যুরেন্স’ নামে আরেকটি কাজ করলাম যেখানে ১৩ জন শিল্পী কাজ করেছেন।
‘কেইস ৩০৪০’ প্রসঙ্গে আরিয়ান বলেন, যে ২৮ জন শিল্পী নিয়ে কাজ করেছি প্রত্যেকেই অলমোস্ট পরিচিত মুখ। কাজটি করতে কষ্ট হয়েছে। ফাইনালি ৬ দিন শুটিংয়ের মাধ্যমে শেষ করেছি। ট্রেলার প্রকাশের পর দর্শক ধারণা করতে পারবেন কাজটি কেমন হবে। ঈদে এনটিভিতে এটি প্রচার হবে।
আলাপকালে আরিয়ান জানিয়ে দিলেন, আসন্ন ঈদুল আযহায় তার নির্দেশিত পাঁচটি নাটক প্রচার হবে। সোমবার (৫ আগস্ট) তার ঈদ প্রজেক্টগুলোর শুটিং শেষ হতে যাচ্ছে।
ঈদকে সামনে রেখে এবার যে নাটকগুলো তিনি নির্মাণ করছেন সেগুলো হলো: অপূর্ণ রুবেলের গল্প ও চিত্রনাট্যে ‘যদি কখনও’ (অপূর্ব, পূর্ণিমা), ‘রঞ্জনা আমি আবার আসবো’ (নিশো, মেহজাবীন), ‘লাইফ ইস্যুরেন্স’ (অপূর্ব, মিথিলা) এবং অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে ‘স্মৃতির চিহ্ন’ (নিশো, মাসুমা রহমান নাবিলা)।








