পথশিশুদের নিয়ে কাজ করা `মজার স্কুল’-এর চার স্বেচ্ছাসেবকের জামিন মঞ্জুর করেছেন নিম্ন আদালত।
পথশিশুদের নিয়ে কাজ করা ‘মজার স্কুল’-এর স্বেচ্ছাসেবক আরিফ-জাকিয়াদের জামিনের জন্য সোমবার আদালতে আবেদন করেন তাদের মুক্তিকামী সাধারণ মানুষের একটি দল। আইনজীবী জোতির্ময় বড়ুয়ার নেতৃত্বে আবেদন জানানো হয়।
আরিফ-জাকিয়ার জামিনের পরে আদালত প্রাঙ্গন থেকে সাংবাদিক আশীফ এন্তাজ রবি চ্যানেল আই অনলাইনকে বলেন, জামিনের কাগজপত্র এখনো হাতে পাইনি। শিগগিরই হয়তো পেয়ে যাবো। এখন পর্যন্ত সবকিছুই পজিটিভ। পুলিশও তদন্ত করে কিছু পায়নি মর্মে ফাইনাল রিপোর্ট জমা দিয়েছে।
‘আমরা কারাগারে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক হলে আজই ওরা জামিনে মুক্তি পেয়ে যাবে।’
গত ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রীতে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্র থেকে ১০ শিশুকে ‘উদ্ধার’ করে পুলিশ। সেসময় আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা চার তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, সেখানে থাকা মোবারক নামে এক শিশুর চাচা অভিযোগ করেন, তার ভাতিজাকে জোর করে আশ্রয়কেন্দ্রে আটকে রাখা হয়েছে। এই অভিযোগে তিনি মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন।
এরই ভিত্তিতে চারজনকে গ্রেফতারের পর দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মোবারককে তার চাচার কাছে এবং অন্য ৯ শিশুকে পাঠানো হয় টঙ্গীর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে। এরপর থেকেই সেই চার স্বেচ্ছাসেবকের মুক্তির দাবীতে সোচ্চার হয়ে উঠে পুরো সামাজিক যোগাযোগের মাধ্যম।






