শততম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে নামার পর এবার একই সংস্করণে ২ হাজার রানের হাতছানি নিগার সুলতানা জ্যোতির সামনে। বাংলাদেশ অধিনায়ক ১০০ ম্যাচে করেছেন ১৯৬২ রান। আর ৩৮ করলেই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ২ হাজার রানের মালিক হবেন টাইগ্রেস মিডলঅর্ডার ব্যাটার।
স্কটিশ মেয়েদের হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। জ্যোতির মাইলফলকের ম্যাচে প্রত্যাশিত জয় পায় টিম টাইগ্রেস। শনিবার রাত রাত ৮টার ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।
ইংলিশ পরীক্ষায় নামার ম্যাচে রেকর্ড ছোঁয়ার প্রহর গুণছেন জ্যোতি। ১০০ ম্যাচে ৯৪ ইনিংসে ১৯৬২ রান করার পথে ৮টি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সেরা ব্যাটার।
প্রথম ব্যাটার হিসেবে টি-টুয়েন্টিতে হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ফারজানা হক পিংকি। শুধুমাত্র ওয়ানডে দলে বিবেচিত হওয়ায় রান আর বাড়ানোর সুযোগ পাননি। ৮৪ ম্যাচে ১২৫৩ রান করার পর থমকে গেছে টি-টুয়েন্টি ক্যারিয়ার।
তৃতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এক হাজার রানের দুয়ারে আছেন ওপেনার মুর্শিদা খাতুন। ৪৯ ম্যাচে ৯২২ রান করেছেন এ বাঁহাতি। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে থাকলে টি-টুয়েন্টি ম্যাচ খেলায় ফিফটি পূর্ণ করবেন তিনি।







