হাশিম আমলার পর এবার জেপি ডুমিনি। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আসন্ন অস্ট্রেলিয়া সফরে সাউথ আফ্রিকা দল থেকে ছিটকে গেছেন হাশিম আমলা। ওপেনারের পথ ধরলেন ব্যাটিং অলরাউন্ডার ডুমিনিও। অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে দুই বড় তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে প্রোটিয়াদের।
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডান কাঁধে চোট পান ডুমিনি। সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হবে। এ কারণেই অস্ট্রেলিয়া সফর মিস করবেন এ বাঁহাতি। এছাড়া এমজানসি সুপার লিগ টি-টুয়েন্টিতেও খেলতে পারবেন না তিনি। যেখানে কেপটাউন ব্লিটজের আইকন খেলোয়াড় ছিলেন ৩৪ বছর বয়সী তারকা। তার পরিবর্তে উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে নিয়েছে দলটি।
অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলবে সাউথ আফ্রিকা। অজি সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
৩ নভেম্বর পার্থে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ৮ ও ১০ নভেম্বর অ্যাডিলেড ও হোবার্টে পরের দুই ম্যাচ। দুদলের একমাত্র টি-টুয়েন্টি হবে ১৭ নভেম্বর, ক্যানবেরায়।








