‘বেগমজান’ ছবির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত আছেন বিদ্যা বালান। আর একটি ইভেন্ট শেষ করে মুম্বাই ফেরার পথে কলকাতা বিমানবন্দরে এক পুরুষ ভক্ত তাকে বিব্রত করেছেন।
বিদ্যা বালান যখন বিমানবন্দরে যান, তখন এক ভক্ত ছুটে এসে তার হাত ধরেন। বিদ্যা নিষেধ করলেও তিনি তা শুনতে চাননি। বিদ্যার ম্যানেজার তাকে নিষেধ করলেও সে তা অমান্য করে। এরপর বিদ্যা ক্যামেরার সামনে পোজ দেওযার জন্য ঘুরে দাঁড়াতে গেলে ভক্তটি তৃতীয়বারের মতো তার হাত ধরে। তখন বিদ্যা রেগে গিয়ে তাকে বলেন, ‘আপনি জানেন আপনি কী করছেন? আর যা করছেন, তা ঠিক নয়।’
এরপর ভক্ত নিজের ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশ করেন। এরপর বিদ্যার সঙ্গে সেলফি তোলার অনুমতি চায়। তখন বিদ্যা বলেন, ‘আপনি সেটা পারেন না কারণ আপনার আচরণ ভালো ছিল না।’
বিদ্যা এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা খুবই বিব্রতকর। কারণ, পরিচিত পরিবেশে যখন অপরিচিত কেউ এসে আমার হাত ধরবে, তা মেনে নেওয়া যায় না। হোক সে নারী কিংবা পুরুষ। আর আমরা পাবলিক ফিগার কিন্তু পাবলিক প্রপার্টি নই। ঘটনার সময় তার সাথে আরও ছিলেন ছবির প্রযোজক মহেশ ভাট এবং পরিচালক সৃজিত মুখার্জ্জি।’
বিদ্যা বালান ‘বেগমজান’ ছবিতে পতিতালয়ের সর্দারনীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। এনডিটিভি।







