আবার হত্যার হুমকি!

সোনি রাজদান, মহেশ ভাট ও আলিয়া ভাট
বছর দুয়েক আগে মহেশ ভাট আর তার পরিবারের সবাইকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল। তখন আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে।
আবারো হুমকি। এবার ৫০ লাখ টাকা দাবি করা হয়েছে। লখনৌর নির্দিষ্ট একটি ব্যাঙ্কের শাখায় ওই টাকা জমা দিতে হবে। নয়তো মহেশ ভাট, তার স্ত্রী সোনি রাজদান আর মেয়ে আলিয়া ভাটকে গুলি করে হত্যা করা হবে। গতকাল বুধবার রাতে মুম্বাই পুলিশের কাছে এই ঘটনা জানিয়ে মামলা করেছেন মহেশ ভাট।
সংবাদ মাধ্যমকে মহেশ ভাট জানান, প্রথম ২৬ ফেব্রুয়ারি ফোন করে হুমকি দেওয়া হয়। কিন্তু ব্যাপারটিকে তিনি ততটা গুরুত্ব দেননি। কিন্তু পরে এসএমএস আর হোয়াটসঅ্যাপেও হুমকি দেওয়া অব্যাহত থাকে। ওই ব্যক্তি নাকি মহেশ ভাটকে ফোনে বলেছে, ‘৫০ লাখ টাকা না দিলে সোনি আর আলিয়ার ওপর কয়েক রাউন্ড গুলি চালাব।’
মুম্বাইয়ে জুহু থানার একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, মহেশ ভাট ও তার পরিবারের নিরাপত্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তও শুরু হয়েছে।



