ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটে-বলে রাঙালেন আরও একবার। সিলেটে ইন্ডিপেনডেন্স কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলকে ২৮ রানে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল দলটি।
ব্যাট হাতে অপরাজিত ৫৩ রানের ইনিংস আর বল হাতে দুটি উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্যে মোসাদ্দেক হয়েছে ম্যান অব দ্য ম্যাচ। রোববার প্রথম ম্যাচে ১০ ওভারে মাত্র ১৩ রান দিয়ে হয়েছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়।
ওয়ানডে আসরে টস হেরে আগে ব্যাট করতে নেমে মোসাদ্দেক ও ওপেনার আব্দুল মজিদের ফিফটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬২ রানের লড়াকু সংগ্রহ দাড় করায় মধ্যাঞ্চল। মজিদ ৯৬ বলে ৫৩ আর মোসাদ্দেক ৫৫ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। আল-আমিন ৩২ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় সংগ্রহ বড় করেন।
সৌম্য সরকার ৬০ বলে ৪০ ও সাকিব আল হাসান ৩৬ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। শফিকুল ইসলাম নেন দুই উইকেট।
জবাবে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলতে সমর্থ হয় উত্তরাঞ্চল। নাঈম ইসলাম ৯৯ বলে ৭২, মাহমুদউল্লাহ রিয়াদ ৫৯ বলে ৪৩, শামীম পাটোয়ারি ৩৯ বলে ২৯ রান করেন। ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৬১ বলে ৩০ রান।
দারুণ বোলিং করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৬ ওভারে ২১ রানে নেন তিন উইকেট। মোসাদ্দেক ও সৌম্য দুটি করে উইকেট তোলেন। সাকিব ও নাজমুল ইসলাম অপু নেন একটি করে উইকেট।







