বছর খানেক বন্ধ থাকার পর আগামী সেপ্টেম্বর থেকে আবার শুরু হচ্ছে পাকিস্থানের নারী শিক্ষা আন্দোলনের পথিকৃত শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বায়োপিকের শুটিং। শুটিংয়ের অর্ধেক নাকি শেষ করা হয়েছিল আগেই। প্রথম অংশটুকুর শুটিং হয়েছিল ২০১৬ সালে গুজরাটের শহর ভূজ এবং ভারতের মুম্বাইয়ে। বাকি অংশের শুটিং হওয়ার কথা কাশ্মীর উপত্যকায়। কিন্তু সেখানকার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে শুটিং চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। এবার সব দিক সামাল দিয়ে আবারও শুটিং চালিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রথম অংশের শুটিং করা হয়েছে চ্যালেঞ্জিং অনেক দিক নিয়ে। এখন যে অংশের শুটিং করা হবে, তাতে মূলত মালালার জীবনের অজানা অনেক দিক তুলে ধরা হবে। তবে মালালা চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন, তা এখনো অপ্রকাশিত রাখা হয়েছে। ছবির সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
অন্যদিকে আবারও শুটিং শুরু করতে পেরে বেশ উচ্ছ্বসিত ছবির পরিচালক এবং প্রযোজক। তাদের কথায়, ‘আমরা শিগগিরই গুল মাকাইকে বড় পর্দায় দেখাতে যাচ্ছি।’
পাকিস্থানের নারী শিক্ষা আন্দোলনের পথিকৃত মালালা ইউসুফজাই তালেবানদের বিরুদ্ধে ‘গুল মাকাই’ ছদ্মনামে লিখতেন অনেক ছোট বয়স থেকেই। নারী শিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে মাত্র ১৫ বছর বয়সে তালেবানদের হামলার শিকার হন। তার বায়োপিকের নাম হবে ‘গুল মাকাই’। টাইমস অব ইন্ডিয়া।








