সর্বনিম্ন ১০ হাজার টাকা বেতনসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদ। ন্যায্য দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। ধর্মঘট উপেক্ষা করে নৌযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মালিক পক্ষ।
এপ্রিলে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে নৌ ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। ত্রিপক্ষীয় বৈঠকে সে সময় সর্বনিম্ন ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। সিদ্ধান্ত মেনে নেয়নি লঞ্চ মালিক সমিতি। ১৫ দফা দাবি পূরণের জন্য সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে আবারো সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদ।
সোমবার মধ্যরাতের আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ভোরের দিকে সদরঘাট এসে পৌঁছে। শ্রমিকরা জানান, মালিকরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন
তারা। এতে সমর্থন জানিয়েছে ১৭টি নৌ-শ্রমিক সংগঠনের মোর্চ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
মালিকপক্ষের প্রতিনিধিরা বলেছেন শ্রমিকরা ধর্মঘটে গেলেও নৌপথ সচল রাখার পক্ষে তারা।
সারাদেশে প্রায় ১৯ হাজার কার্গো, কোস্টার, বার্জ ও লঞ্চসহ অন্যান্য নৌযানে কর্মরত আছে প্রায় ২ লাখ শ্রমিক। দ্রুত এ সমস্যার সমাধান না হলে দেশের বিভিন্ন বন্দরে বন্ধ হয়ে যাবে পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ।








