বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শোক র্যালি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শোক র্যালিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি পুরাতন রেজিস্ট্রার ভবন ও নতুন কলা ভবন হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আবরারকে স্মরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগ সভাপতি মো: জুয়েল রানা। বক্তব্যে তিনি নিহত আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা ও শোক প্রকাশ করেন।
তিনি বলেন, যারা প্রাণের সংগঠন ছাত্রলীগকে কলঙ্কিত করেছে ও নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি সদস্যকে সচেতন থাকতে হবে যাতে আমাদের দ্বারা কোন অপকর্ম না ঘটে। 
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, বাংলাদেশে আরও হত্যাকাণ্ড হয়েছে কিন্তু তার বিচার হয়নি। এই হত্যার বিচার হবে, প্রধানমন্ত্রী নিজে আশ্বস্ত করেছেন বিচারের ব্যাপারে। তাই এটি নিয়ে কোন নোংরা রাজনীতি না করে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন।








