আগেই টুইটারে নিজের কথা জানিয়েছিলেন শহিদ আফ্রিদি। বলেছিলেন, ভারতের শাসনে থাকা কাশ্মিরে অত্যাচার করছে ভারত। এবার কাশ্মির নিয়ে মুখ খুললেন আফ্রিদির দেশেরই আরেক ক্রিকেটার। শোয়েব আখতারের নতুন টুইট নিয়ে আবারও শুরু হল বিতর্ক।
পাকিস্তানি পেস বোলার শোয়েব আখতার এদিন টুইটারে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘সালমান জামিন পাওয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আর জীবনে একটা দিন দেখে যেতে চাই, যেদিন কাশ্মির, ইয়েমেন, আফগানিস্তানে প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মৃত্যুর আগে এই একটা দিন দেখে যেতে চাই যখন রক্তঝরা বন্ধ হবে।’
যদিও কিছুক্ষণের মধ্যেই এই টুইটটি মুছে ফেলা হয়। এরপর আরেকটি টুইটে শোয়েব লেখেন, ‘আমাদের দু’দেশের নেতৃত্বকেই প্রশ্ন করা উচিত যে, কেন আমরা দীর্ঘ ৭০ বছর ধরে নিজেদের সম্পর্ক উন্নত করতে পারেনি। আমরা কি আরো ৭০ বছর এই ঘৃণা নিয়েই বাঁচতে চাই?’
টুইটের পর সংবাদসংস্থা এএনআইকে দেয়া প্রতিক্রিয়ায় শোয়েব আরো জানিয়েছেন, ‘দীর্ঘ ৭০ বছর ধরে প্রতিবেশি ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই চলছে। দু’দেশের উচ্চপর্যায়ের প্রশাসকদের এই নিয়ে আলোচনায় বসা উচিত। তাহলেই এই দূরত্ব ঘুচবে। না হলে ৭০ বছর ধরে আমরা যা ভোগ করেছি, আমাদের পরবর্তী প্রজন্মও তাই ভোগ করবে। সেটা কী আমরা কেউ চাই?’
এর আগে কাশ্মির নিয়ে টুইট করে গৌতম গম্ভীর, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকারের তোপের মুখে পড়েন শহিদ আফ্রিদি। আফ্রিদির সমালোচনায় মুখ খোলেন কপিল দেবও।








