নিজেদের ছয়জন কর্মীকে গুলি করে হত্যার পর আফগানিস্তানে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক সংগঠন রেডক্রস।
বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় জোওজানে ছয় কর্মীকে হত্যা করে সন্দেহভাজন আইএস বন্দুকধারীরা।
ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন সংস্থাটির আরো দুই কর্মী। তাদের খোঁজে অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছে।
প্রদেশটির গভর্নর সন্দেহভাজন আইএস জঙ্গিরা ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করছেন।
রেডক্রসের আফগান প্রধান এই আক্রমণকে গত ২০ বছরে তাদের উপর সবচেয়ে জঘণ্য আক্রমণ বলে উল্লেখ করেছেন।
এই ঘটনায় তালেবান জড়িত নয় বলে বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে সংগঠনটি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এই আক্রমণের সঙ্গে তাদের সংগঠন যুক্ত নয়।
রেডক্রসের অপরাশেন ডিরেক্টর ডমিনিক স্টিলহার্ট বলেছেন, কর্তৃপক্ষের সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনার পর প্রয়োজনীয় সময়ে আমাদের অপরাশেন আবার শুরু হবে।
তবে মানবিক সাহায্য পাওয়া দেশগুলোর মধ্যে আফগানিস্তান চতুর্থ বৃহত্তম দেশ। ফলে এই ধরনের হামলা আগামী দিনগুলোতে সেখানে ত্রাণ সরবরাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলে জানান ডমিনিক।










