আফগানিস্তানের নানগারহর প্রদেশে রমজান কাপ ক্রিকেট টুর্নামেন্টে কয়েকটি বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪৫ জন।
পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয় তরুণরা ওই টুর্নামেন্টের আয়োজন করে। খেলা চলছিল শুক্রবার রাতে। ধারণা করা হচ্ছে তালেবানরা এই হামলা চালিয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বিশ্বক্রিকেটে নিজেদের নতুনভাবে পরিচয় করাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে তারা। টি-টুয়েন্টি র্যাংঙ্কিংয়ে বাংলাদেশের উপরে, আট নম্বরে।
দেশটির অধিকাংশ এলাকায় প্রতিনিয়ত এমন হামলা চলে। তালেবান এবং আইএস দেশটিতে সক্রিয়। নানগারহর প্রদেশেই তাদের শক্ত ঘাটি রয়েছে।
এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই হামলা প্রমাণ করে সন্ত্রাসীরা পবিত্র মাসের ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নয়। তারা মানবতার শত্রু।’







