আপিল নিষ্পত্তির আগে দুই ব্যক্তির ফাঁসির খবরের সঙ্গে দ্বিমত প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ওই ব্যক্তির সম্পর্কে সরকারের কাছে থাকা তথ্য ও প্রকাশিত সংবাদের সঙ্গে মিল নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করার পর তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। বিচারিক আদালতের রায়ের পর আপিল বিভাগে জেল আপিল করেছিল তখন তারা সেটাও নাকচ করে দেয়। এরপর রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়।
‘‘ওই মামলার প্রক্রিয়ায় কোনো ভুল হয়নি। একটা বিভ্রান্ত হয়েছে, সেটা হতে পারে কেউ একজন আপিল করেছিল। আপিল শুনানির পর জেল আপিল হয়েছিল, এরপর রাষ্ট্রপতির কাছ থেকে প্রানভিক্ষার আবেদন নাকচ হয়েছে। তাই আপীল শুনানি আগে ফাঁসি কার্যকর হয়েছে এই তথ্য সঠিক নয়।’’
ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে মামলা হলে সাথে সাথে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান আইনমন্ত্রী।







