ইরানীয়ান-আর্মেনিয়ান নির্মাতা আনাহিদ আবাদের ‘ইয়েভা’ ছবিটি এবার আর্মেনিয়া থেকে অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় মনোনয়ন পেয়েছে। এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এবং আর্মেনিয়া দুই দেশেই তার শিকড় আছে। এই দুই দেশের সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করেন তিনি।
‘ইয়েভা’ ছবিটি ইরান এবং আর্মেনিয়ার যৌথ প্রযোজনার ছবি। ৯০ তম অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় মনোনয়ন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্কারে ছবিটি মনোনয়ন পাওয়ায় আমি খুবই আনন্দিত। কারণ ছবিটি ইরান এবং আর্মেনিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত।’ আনাহিদ আবাদ আরও বলেন, ‘আমার দুই দেশের জাতীয়তার কারণে আমার শিকড় এবং কালচার দুটোই ইরান এবং আর্মেনিয়ায় মিশে আছে। আমি দুটি দেশকেই খুব ভালোবাসি।
আনাহিদ জানান, তিনি সহ-নির্মাতা হিসেবে ইরানের অনেক নামী নির্মাতার সঙ্গে কাজ করেছেন। তাদের থেকে কাজ শেখার সৌভাগ্য হয়েছে তার। কিন্তু তার নির্মিত প্রথম ছবি আর্মেনিয়ায় তৈরি। ছবিতে আর্মেনিয়ার সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হয়েছে। ছবিটি ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন এবং আর্মেনিয়ার ন্যাশনাল সিনেমা সেন্টার প্রযোজনা করেছে।
ছবির কাহিনী গড়ে উঠেছে এক তরুণীকে নিয়ে যিনি তার স্বামীর করুণ মৃত্যুর পর মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়েছেন। এরপর আর্মেনিয়ার কারাবাখ গ্রামে রিফিউজি হিসেবে থাকতে হয়েছে তাকে। ছবিটি বর্তমানে আর্মেনিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে। তেহরান টাইমস।










