ঢাকাই ছবির আইটেম গার্ল জ্যাকুলিন মিথিলা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত ৩ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের বন্দর থানার নিজ বাসায় তার মরদেহ গলায় ওড়ানা পেঁচানো এবং ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার চারদিন পর গত ৭ ফেব্রুয়ারি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মিথিলার স্বামীর নাম উৎপল রায়। তাদের প্রায়ই ঝগড়া হতো জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এ কারণে মিথিলা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে তাকে চট্টগ্রামের দিঘিরপাড় নামক জায়গায় তাকে দাহ করা হয়।
ময়নুল ইসলাম জানান, জ্যাকুলিনের লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা আছে, ‘আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের পর তার ভালোবাসা কমে গেছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় মিথিলার বাবা বন্দর থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে একটি মামলা করেছেন।
ফেসবুকে নিজের খোলামেলা ছবি পোস্ট করে অল্পদিনেই সবার নজর কাড়েন জ্যাকুলিন মিথিলা। আলোচিত ও সমালোচিত এ মডেল কাজ করেছেন কয়েকটি বিজ্ঞাপনচিত্রে।
এছাড়াও চলচ্চিত্রে আইটেম গানও করেছেন। সর্বশেষ তিনি পি এ কাজলের পরিচালনায় ‘চোখের দেখা’ ছবিতে কাজ করেন।
সিনেমা ‘চোখের দেখা’য়’ জ্যাকুলিন মিথিলা







