এএস রোমার বিপক্ষে পাওয়া দুটি আত্মঘাতী গোলকে ভাগ্য মানতে রাজি নয় বার্সেলোনা। বরং কাতালানরা বলছে, রোমা যে নিজেদের জালে বল জড়িয়েছে সেটা বার্সেলোনার চাপের কারণেই।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে রোমাকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সা। দলের হয়ে বাকি দুটি গোল করেন জেরার্ড পিকে ও লুইস সুয়ারেজ।
২০১৫’র পর আবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পথে ছুটছে বার্সা। সেই ফাইনালে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল মেসি-ইনিয়েস্তারা।
আত্মঘাতী গোলে লাভবান হলেও বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেছেন, ‘যদিও তারা নিজেদের জালে বল জড়িয়েছে। তবে এটা ভাগ্য নয়। কারণ আমরা তাদের উপর অনেক বেশি চাপ সৃষ্টি করাতেই এমনটা হয়েছে।’
চলতি মৌসুমে বার্সা ফরোয়ার্ডদের বেশকিছু শট গোলবারে প্রতিহত হয়েছে। সেটা স্মরণ করিয়ে দেন পিকে। বলেন, ‘তাহলে এই মৌসুমে তো আমাদের বেশ কিছু গোল বারে প্রতিহত হয়েছে। সেটার কি হবে?’
তবে আত্মঘাতী গোলকে ভাগ্য হিসাবে না মানলেও রোমার প্রশংসা করেন পিকে।
পিকের মত একই সুরে কথা বলেছেন ম্যাচের আরেক স্কোরার লুইস সুয়ারেজও, ‘তারা আত্মঘাতী গোল করেছে, কারণ আমরা তাদের রক্ষণে অনেক বেশি চাপ প্রয়োগ করতে পেরেছি।’
আর বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, ‘আপনি গোলের কাছে বল নিতে না পারলে তো গোলই পাবেন না। এটা আত্মঘাতী গোল হলেও তাতে কিছু আসে যায় না। মূল ব্যাপার হল আমরা কি করেছি?’
কাতালান কোচের আরো সংযুক্তি, ‘কত গোলে জিতলাম সেটা বিষয় না। রোমার মত একটি ভাল দলের বিপক্ষে জয় পেয়েছি সেটাই বড় কথা।’








