পাকিস্তানের গায়ক আতিফ আসলাম ভারতেও জনপ্রিয়তার তুঙ্গে। তাই, আতিফের গান এসেছে শুনলেই ভক্তদের মনে বাড়তি আগ্রহ তৈরি হয়। ‘বদলাপুর’ ছবির ‘জিনা জিনা’ গানের তুমুল জনপ্রিয়তার পর একই টিমের সাথে নতুন গান গেয়েছেন আতিফ। ‘হুর’ টাইটেলের এই গানটি ব্যবহার করা হয়েছে বলিউডের ছবি ‘হিন্দি মিডিয়াম’ এ।
সকিত চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ ছবির ‘হুর’ গানটি প্রকাশ পেয়েছে ইউটিউবেও। আতিফ বলেন, ‘‘গানটি আমার জন্য স্পেশাল। হৃদয়ের খুব কাছের গান। আমার কাছে এটা এবছরের সেরা একটি গান। এই গানের মাধ্যমে ‘জিনা জিনা’ গানের টিমের সাথে আবার কাজের সুযোগ হলো।”
তিনি বলেন, ‘জিনা জিনা’ গানটি শ্রোতারা যেভাবে ভালোবেসে গ্রহণ করেছিলেন, আশা করছেন ‘হুর’ গানটিকেও সেভাবেই গ্রহণ করবেন তারা।
সুরকার জিগার জানান, ‘হুর’ গানটি ‘জিনা জিনা’র চাইতেও অনেক বেশি গভীর, পরিপক্ব এবং সুফি। তার মতে, এই গানটি ভালোবাসায় নিমজ্জিত হওয়ার সৌন্দর্যটাকে প্রকাশ করেছে।
‘হিন্দি মিডিয়াম’ ছবিতে থাকছেন ইরফান খান ও সাবা কামার। এই ছবির মাধ্যমে পাকিস্তানী অভিনেত্রী সাবা কামারের বলিউডে অভিষেক হতে যাচ্ছে। ছবিটি মে মুক্তি পাবে ১২। টাইমস অব ইন্ডিয়া।










