পরিকল্পনা ছিল আট দল নিয়েই ইমার্জিং কাপ আয়োজনের। তবে আরব আমিরাত ও হংকং তাদের ব্যস্ত সূচির কারণে নিজেদের প্রত্যাহার করে নেয়ায় বাধে বিপত্তি। দলের সংখ্যা হয়ে যায় ছয়টি। তাদের বিকল্প হিসেবে আরও দুটি দলকে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সাড়াও মিলেছে। আট দল নিয়েই তাই ২৫ মার্চ বাংলাদেশের মাটিতে শুরু হতে যাচ্ছে ইমার্জিং কাপের আসর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘আট দল নিয়েই হবে ইমার্জিং কাপ। এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশের দলের সঙ্গে থাকবে মালয়েশিয়া ও আরেকটি দেশ। বাকি দুটি দেশ হলো আফগানিস্তান ও নেপাল।’
২৫ মার্চ শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত চলবে ইমার্জিং কাপের আসর। সম্ভাব্য ভেন্যু ফতুল্লা, বিকেএসপি ও কক্সবাজার।
৫০ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড় তালিকায় জাতীয় দলের চারজন করে খেলোয়াড় রাখতে পারবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল শিগগিরই ঘোষণা করা হবে। প্রাথমিক দলটি হবে ২২ সদস্যের। নির্বাচকরা দল ঠিক করে পাঠিয়েছেন মিডিয়া কমিটির কাছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা।








