জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েলে রুগানি করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর নিজেই কোয়ারেন্টাইনে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা এখন আছেন নিজের জন্মভূমিতে। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিখেছেন ‘সাবধানে থাকুন’।
করোনা ভাইরাসে থমকে গেছে ক্রীড়াবিশ্ব। একে একে বাতিল হয়েছে বিশ্বের নামীদামী সব ক্রীড়া ইভেন্ট। স্থগিত হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ। বন্ধ হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও।
ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বজুড়ে এক লাখেরও বেশি মানুষ। দিনকে দিন বড় হচ্ছে মৃত্যুর মিছিল। মহামারী আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসের হাত থেকে নিরাপদে থাকতে ২০৭ মিলিয়ন ভক্তের উদ্দেশে রোনালদো লিখেছেন: ‘বিশ্ব এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের কাছ থেকে যত্ন ও মনোযোগ আশা করে।’
‘আজকে আমি ফুটবলার হিসেবে নই, একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে এই পরিস্থিতি নিয়ে চিন্তিত যা আমাদের প্রতি পদে পরীক্ষার মুখে ফেলছে।
আমাদের সবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের পরামর্শ অনুযায়ী চলা উচিত। মনে রাখতে হবে সবার আগে, সবচেয়ে মূল্যবান মানুষের জীবন।’
তিনি বলেন: প্রাণঘাতী এই ভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমার সতীর্থ ড্যানিয়েল রুগানি ও যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে লড়ছেন তাদের প্রতি আমার সংহতি। আর সেই স্বাস্থ্যকর্মীদের প্রতি আমার ভালোবাসা যারা নিজেদের জীবনকে বিপন্ন করে আক্রান্তদের সুস্থ করে তোলার কাজে নিজেদের উৎসর্গ করেছেন।







