সোমবারও জামিন মিললো না মাদক মামলা প্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। এদিন তার মাদক মামলায় শুনানি হওয়ার কথা থাকলেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আদালতে আরও কিছু সময়ের চেয়ে আবেদন করে। ফলে সেই আবেদনের প্রেক্ষিতে আরিয়ানের জামিন শুনানি পিছিয়ে দিয়েছে মুম্বাই সেশন আদালত।
আগামী বুধবার (১৩ অক্টোবর) পর্যন্ত আরিয়ানকে আর্থার রোডের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
গত বৃহস্পতিবার মুম্বাইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। তারপরই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী। ধারণা করা হয়েছিল সোমবার(১১ অক্টোবর) হয়তো জামিন পাবেন তিনি। তবে আপাতত, মামলার শুনানি পিছিয়ে গেল বুধবার পর্যন্ত।
গত শুক্রবারের শুনানিতেও নাকচ হয়ে গিয়েছিল শাহরুখপুত্রের জামিনের আবেদন। এরপর শনিবার এবং রবিবার, দুই দিন আদালত বন্ধ থাকায় সোমবার ঘরে ফিরতে পারবেন বলেই আশা করেছিলেন আরিয়ান। কিন্তু এনসিবির কর্তাদের আবেদনের কারণে তাও সম্ভব হল না।
জেল থেকে আরিয়ানের ছাড়িয়ে আনতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ-গৌরি দম্পতি। এছাড়াও আরিয়ানের আইনজীবী মানশিন্ডে জানিয়েছেন, ‘এটা খুবই সাধারণ একটা ব্যাপার, যখন আদালত জামিনের আবেদন খারিজ করে দেয়, তখন আরও উচ্চ আদালতে যাওয়া হয়। সেই হিসেবেই এনডিপিএস আদালতে আবেদন করা হয়েছে। তবে আজ জামিনের শুনানি হওয়ার কথা থাকলেও পিছিয়ে গিয়েছে। ১৩ অক্টোবর অবধি জেলেই থাকতে হবে আরিয়ানকে। বুধবার বিশেষ আদালতের তরফে জামিনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত ২ অক্টোবর আরব সাগরে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে নিষিদ্ধ মাদকসহ আটক করা হয় শাহরুখ পুত্র সহ তার ৮ সঙ্গীকে। আটকের ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয়।








