বাংলাদেশ

আগামীকাল গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক বসছে সার্চ কমিটির

নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া

প্রেস কনফারেন্সে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি।

১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা হবে। এরই মধ্যে সভায় যোগ দিতে জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আমন্ত্রণ পাওয়া গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে রয়েছেন: মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবির, প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।

গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিটির সদস্য করা হয় হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং অধ্যাপক আনোয়ারা সৈয়দ হককে।

সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পরের দিন ৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির প্রথম বৈঠকে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। দলগুলোর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে কেউ আগ্রহী হলে তিনিও নিজের নাম প্রস্তাব করতে পারবেন বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

আইন অনুযায়ী, নির্বাচন কমিশন গঠনে নাম চূড়ান্তের করতে সার্চ কমিটির জন্য নির্ধারিত সময় ১৫ কর্মদিবস। কমিটি প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন।

আজ ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে।

বিষয়:ইসি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি আবদুল হামিদ সার্চ কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…