করোনা ভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তির সংস্পর্শে আসা আরও চার জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
প্রতিষ্ঠানটি আবারও জোর দিয়ে বলেছে, করোনার লক্ষণ বা উপসর্গ থাকলে বাইরে ঘোরাঘুরি না করে আইইডিসিআর এর দেয়া হেল্পলাইনের নম্বরগুলোতে ফোন করতে হবে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব কথা বলেন।
সেসময় তিনি আরও বলেন, ‘শুধু সচেতনতার মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব। এবং যারা করোনা আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে এসেছেন, তাদের হাঁচি-কাশি থাকলে সচেতন হয়ে আইইডিসিআরে যোগাযোগ করতে হবে।’
বিদেশ থেকে আসা ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটি বলছে, ‘গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৮টি কল পেয়েছে আইইসিডিআর। এরমধ্যে ১২৭ জনের নমুনা নেয়া হয়েছে। তাদের মধ্যে ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা নেই।’
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গণপরিবহন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের সবাইকে। আমরা করোনা আক্রান্তদের জন্য তিনটি হাসপাতাল প্রস্তুত রেখেছি। লক্ষণ উপসর্গ থাকলে গণপরিবহন ব্যবহার না করে, হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের খোঁজ নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সিঙ্গাপুরে ২ জন, আবুধাবিতে ১ জন এবং ইটালিতে ১ জনেরর বাইরে অন্য কোনো দেশে প্রবাসী বাংলাদেশিদের কেউ করোনা আক্রান্ত হয়নি।
রোববার আইইডিসিআর ঘোষণা করে বাংলাদেশের তিনজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত। পরের দিন তাদের সংস্পর্শে আসা ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য সচিব মো. আলী নূর।







