আইসিসির তিরস্কার শুনলেন তানভীর হায়দার

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কার শুনেছেন বাংলাদেশের লেগ স্পিনার তানভীর হায়দার। বৃহস্পতিবার অভিষিক্ত তানভীর ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন, আর ম্যাচ শেষে পেলেন আবার শাস্তি।
বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কৃত হয়েছেন তানভীর। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ‘ডিমেরিট’ পয়েন্ট।
নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ঘটনাটি নিউজিল্যান্ডের ইনিংসের ১৯তম ওভারে। এই ওভারে শেষ বলে তানভীরকে চার মারেন কিউই ব্যাটসম্যান নেইল ব্রম। চার খেয়ে বাজে ভাষা ব্যবহার করেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা তানভীর। যেটি কানে যায় আম্পায়ারদের। ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ করেন আম্পায়াররা।
আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া শাস্তি তানভীর মেনে নেওয়ায় এ ব্যাপারে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আগামী ২৪ মাসের মধ্যে তানভীরের ‘ডিমেরিট’ পয়েন্ট চার হলে গেলে তিনি পাবেন একটি নিষেধাজ্ঞা পয়েন্ট। যার অর্থ একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।
আইসিসি আচরণবিধি অনুযায়ী এই ধরনের অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন তানভীর, সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানা, সঙ্গে একটি বা দুটি ‘ডিমেরিট’ পয়েন্ট।



