একদিন এক কুরিয়ার সার্ভিসের কর্মী একটি কুরিয়ার নিয়ে এলেন আইনস্টাইনের জন্য। বিনিময়ে তাকে খুশি হয়ে কোন টাকা পয়সা দেননি তিনি। বরং লিখে দেন ছোট্ট দুটি চিরকুট।
সেই ১৯২২ সালের ঘটনা। এরপর এতোগুলো বছর কেটে গেছে। এখন নিলামে উঠেছে আইনস্টাইনের হাতে লেখা সেই দুটি চিরকুট, যার দাম উঠেছে ১.৫৬ মিলিয়ন ইউএস ডলার।
নোবেল বিজয়ী এই জার্মান পদার্থবিজ্ঞানী চিরকুট দেওয়ার সময় সেই বাহককে বলেছিলেন, তুমি যদি ভাগ্যবান হও তাহলে এগুলো একসময় খুবই মূল্যবান হয়ে উঠবে।
বিজ্ঞান নিয়ে আজীবন কাজ করে গেছেন আইনস্টাইন, কিন্তু সেই নোটে তিনি লিখেছিলেন: দীর্ঘদিন দেখা কোন লক্ষ্য পূরণ সুখ নিশ্চিত করতে পারে না।
কুরিয়ার নিয়ে যখন সেই বাহক আইনস্টাইনের কাছে আসেন তখন তার হাতে কোন টাকা ছিলো না তাকে পুরস্কৃত করার জন্য। কিন্তু তখন তিনি জেনে গেছেন যে তিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়ে গেছেন।
তাই খুশি হয়ে টোকিওর ইমপেরিয়াল হোটেলের কাগজেই সেই বাহককে নোট লিখে দেন তিনি। সেখানে জার্মান ভাষায় এই পদার্থবিজ্ঞানী লিখেন, সফলতা ও তার সঙ্গে সঙ্গে জীবনে আসা আনুষঙ্গিক বিষয়গুলোর থেকে একটি শান্ত ও ভদ্র জীবন বেশি সুখ বয়ে আনতে পারে।
আরেকটি নোটে তিনি লিখেন, ইচ্ছে থাকলে উপায় হয়। আইনস্টাইনের হাতে লেখা এই নোটটি ২৪০,০০০ মার্কিন ডলারে বিক্রি হয়। আইনস্টাইনের হাতের ওই দুটি চিরকুট এখন নিলামে তুলেছেন ওই বাহকের ভাইপো।







