আইজলকে ডুবিয়ে এএফসি কাপে জয়ে ফিরল আবাহনী

ফাইল ছবি
প্রথম দুই ম্যাচে হার। এএফসি কাপে তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আবাহনী। ভারতের দল আইজল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল।
এই জয়ে গ্রুপ ‘ই’তে পয়েন্ট টেবিলের তিনেই থাকল আবাহনী। আগের দুই ম্যাচে ভারতের আরেক দল বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের দল নিউ রেডিয়েন্টের কাছে হেরেছিল আবাহনী। তিন ম্যাচের সব ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে বেঙ্গালুরু।
বুধবার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় আবাহনী। এমেকার পাসে ডান পায়ের জোরালো শটে ডান প্রান্তের বার দিয়ে বল জালে জড়ান আকাশী-নীল ফরোয়ার্ড রুবেল মিয়া।
প্রথম গোলের ধাক্কা কাটতে না কাটতেই ১৯ মিনিটে আইজলের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান অ্যালিসন। ডি-বক্সের ভেতর থেকে নেওয়া এ নাইজেরিয়ান ডিফেন্ডারের বুলেট গতির শট স্বাগতিক গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠাঁই নেয় জালে।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান ৩-০ করে আবাহনী। সানডে চিজোবার হেডে ডানপায়ের মাটি কামড়ানো শটে ৩৭ মিনিটে ঢাকার জায়ান্টদের তৃতীয়বারের মতো এগিয়ে নেন দলটির জাপানি রিক্রুট সাইয়া কোজিমা।
দ্বিতীয়ার্ধে আবাহনীর উপর চড়াও হয়ে খেলার চেষ্টা করে আইজল। গোলমুখে বেশ কয়েকটি শটও নেয় দলটি। কিন্তু গোলরক্ষক শহিদুল আলম ও ডিফেন্ডারদের দৃঢ়তায় বড় জয় নিয়েই ভারত ছাড়ে সাইফুল বারী টিটুর দল।




