বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন (আইএসসিএস) -এর সদস্য নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে জাতিসংঘে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আইএসসিএস-এর চার বছর মেয়াদী এ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি ড. ফরাসউদ্দিন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নবনির্বাচিত কমিশন ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার একথা জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গপ্রতিষ্ঠান। এই কমিশন জাতিসংঘের কর্মীদের চাকরি সংক্রান্ত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনার সমন্বয়সহ জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা জাতিসংঘের সাধারণ ব্যবস্থাপনায় অংশগ্রহণ এবং এই কমিশনের নিয়ম-নীতি অনুসরণ করে সেসকল সংস্থার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। এই কমিশনে ১৫ জন স্বাধীন বিশেষজ্ঞ রয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩-৭৫ মেয়াদে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি থাকাকালীন ড. ফরাসউদ্দিন তার একান্ত সচিব হিসেবে দায়িত্বপালন করেন। খ্যাতিমান ব্যক্তিত্ব ড. ফরাসউদ্দিন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর ছিলেন যিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেছেন।







