স্পোর্টস

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ নিয়ে ‘আশা নেই’

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ নিয়ে ‘আশা নেই’

ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বেতন-ভাতা সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলন করছেন দেশটির ক্রিকেটাররা। সামনে বাংলাদেশের সঙ্গে খেলা রয়েছে তাদের। শুক্রবারও সিএ চেষ্টা করেছে খেলোয়াড়দের বোঝাতে। কিন্তু তাতেও কাজ হয়নি। দেশটির গণমাধ্যম বলছে, ‘বাংলাদেশ সিরিজ নিয়ে আর কোনও আশা নেই।’

নিউজডটকম নামের একটি গণমাধ্যম এএফপির বরাত দিয়ে বলছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিএ জেমস সাদারল্যান্ড খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন, কাউকে ফোনে বুঝিয়েছেন। কিন্তু খেলোয়াড়রা তাদের দাবিতে অনড়। এই পরিস্থিতিতে বাংলাদেশ, ভারত সফর আশা করা যায় না।

সম্প্রতি দেশটির ‘এ’ দল সাউথ আফ্রিকা সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। পুরুষদের সঙ্গে মেয়েরাও আন্দোলনে যোগ দিয়েছেন।

বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলাটা বোর্ডের প্রস্তাবিত নতুন চুক্তি ঘিরে। এতে ক্রিকেটারদের মোট আয় প্রায় ৩৫ শতাংশ বাড়বে, তবুও বোর্ডের আয়ের তুলনায় খেলোয়াড়দের বেতন-ভাতা নিতান্তই কম মনে করছে খেলোয়াড়দের সংগঠন এসিএ। খেলোয়াড়দের বেশি আপত্তি রাজস্বের অংশ নিয়ে। ১৯৯৭ সাল থেকে চলে আসা বর্তমান চুক্তিতে রাজস্বের একটা অংশ পান ক্রিকেটাররা। তৃণমূলের ক্রিকেটে অনুদান আরও বাড়াতে এবার এতে একটু বদল আনতে চাইছে বোর্ড। তাদের প্রস্তাব, শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের ভাগ পাবেন, ঘরোয়া ক্রিকেটাররা পাবেন একটা নির্দিষ্ট অঙ্ক।

কিন্তু স্মিথ-ওয়ার্নাররা ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও লড়ে যাচ্ছেন। এ নিয়েই চলছে অচলাবস্থা। ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই না করায় ক্রিকেটারদের আর বেতন দেবে না বোর্ড। ক্রিকেটাররাও অবস্থা না বদলালে চুক্তি সই করবেন না জানিয়ে দিয়েছেন।

বিষয়:অস্ট্রেলিয়া-বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…