অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিশতক করে ফেললেন পাকিস্তানি ওপেনার আজহার আলী। বক্সিং ডে টেস্টে তার ব্যাটিংয়ের সুবাদেই বেশ ভাল জায়গায় পাকিস্তান। ৯ উইকেটে ৪৪৩ রানে ইনিংস ঘােষণা করেছে তারা। ২০৫ রানে অপরাজিত থাকেন আজহার। ৩৬৪ বলে ২০টি বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজান তিনি।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের রান ছিল ৩১০/৬। ১৩৯ রানে অপরাজিত ছিলেন লাহোরের ব্যাটসম্যান আজহার। বুধবার শুরুতেই ফিরে যান মোহাম্মদ আমির (২৯)।
তারপর থেকে অষ্টম উইকেটে জুটি বাঁধেন আজহার আলী ও সোহেল খান। এই জুটিতে আসে ১১৮ রান। ৬৫ রানে ফিরে যান সোহেল খান। তারপরই দ্বিশতরান করেন আজহার।
গত অক্টোবরে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৩০২। সেটিই তার সর্বোচ্চ রান। মেলবোর্নের মাটিতে তিনিই প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান যিনি দ্বিশতরান করলেন। বিদেশিদের মধ্যে মেলবোর্নে সর্বোচ্চ রান করেছেন ভিভ রিচার্ডস (২০৮)। সেই রান থেকে আর তিন রান দূরে ছিলেন আজহার। সেই সময় পাকিস্তান ইনিংসের ঘােষণা করা হয়।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হ্যাজেলউড ও বার্ড নিলেন তিনটি করে উইকেট। এদিন ওয়াহাব রিয়াজকে আউট করে টেস্টে ১০০তম উইকেট লাভ করেন হ্যাজেলউড।










