দিনটি ছিল ভারতের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের দশম বার্ষিকী। আর এমন স্মরণীয় দিনকে জয় দিয়ে রাঙ্গিয়ে রাখলেন কোহলিরা। জিততে ভুলে যাওয়া অস্ট্রেলিয়াকে হারের বৃত্তে আটকে রেখে ৫ উইকেটের জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ভারত। আর এ নিয়ে টানা এগারো ওয়ানডেতে হারের মুখ দেখল অজিরা।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে সফরকারী অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২৯৩ রানের লক্ষ্যকে ১৩ বল বাকি থাকতেই হেসেখেলেই পাড়ি দিয়ে ফেলেছে কোহলি বাহিনী।
রোববার ইন্দোরে আগের দুই ম্যাচের লজ্জা ভুলতেই যেন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। কাপ্তানকে সঠিক প্রমাণ করতে উদ্বোধনী জুটিটা হয়েছিলও দারুণ। হিল্টন কার্টরাইটকে সরিয়ে ওপেনিং করতে নামা অ্যারন ফিঞ্চ নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন দারুণভাবে। সিরিজের তৃতীয় ম্যাচে জায়গা পেয়ে তুলে নিয়েছেন ব্যক্তিগত সপ্তম সেঞ্চুরি(১২৪)। আগের দুই ম্যাচে ফ্লপ ওপেনার ডেভিড ওয়ার্নারকে(৪২) সঙ্গী করে দলকে এনে দিয়েছিলেন ৭০ রানের উদ্বোধনী জুটি।
হেসেছে অধিনায়ক স্মিথের ব্যাটও। করেছেন ৬৩ রান। ফিঞ্চের সঙ্গে গড়া তার ১৫৪ রানের জুটি অস্ট্রেলিয়াকে দেখাচ্ছিল সিরিজে প্রথমবারের মত ৩০০ রান পাড় করার স্বপ্নও।
স্মিথ-ফিঞ্চ ফেরার পর মড়ক লাগে অজিদের ইনিংসে। ২৪৩ রানে ৩ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া শেষ আট ওভারে ৩ উইকেটে হারিয়ে তুলতে পেরেছে মাত্র ৫০ রান।
সমান দুটি করে উইকেট নিয়েছেন বুমরাহ এবং আগের ম্যাচের হ্যাটট্রিক পাওয়া কুলদ্বীপ যাদব।
২৯৪ রানের লক্ষ্যকে মামুলি বানিয়ে ছেড়েছেন ভারতের দুই উদ্বোধনী রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। রাহানের ব্যাট থেকে এসেছে ৭০ রান এবং রোহিত করেছেন ৭১ রান।
বাকি কাজটা সেরেছেন ম্যাচ সেরা হার্দিক পান্ডিয়া। ৭২ বলে ভারতীয় অলরাউন্ডের ৭৮ রানের ইনিংসে চড়ে সহজেই জয় পায় ভারত।







