বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জর্ডানের সঙ্গে ভালো করার আশা করছে বাংলাদেশ।
সকারুদের বিপক্ষে ওই হারই জর্ডানের বিপক্ষে আরো ভালো করার অনুপ্রেরণা যোগাচ্ছে বলে জানিয়েছেন মিডফিল্ডার জামাল ভুইঁয়া। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করে বিশ্রামের সুযোগই পায়নি বাংলাদেশ ফুটবল দল। কেননা বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচেই জর্ডানের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। তাই বৃষ্টির মাঝেও অনুশীলনে ব্যস্ত মামুনুলরা। তবে ইনজ্যুরির কারণে দলে নেই নাসির, ইয়াসিন, হেমন্ত।
পার্থের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করার প্রত্যয় ড্যানিশ বংশোদ্ভূত মিডফিল্ডার জামাল ভুইঁয়ার। যদিও সেই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫-০ গোলে।
তিনি বলেন, অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আমরা সন্তুষ্ট নই। আমাদের আরও উন্নতি করতে হবে। দলের সবার সেরাটা দেওয়া এখনও বাকি। আশা করি জর্ডানের বিপক্ষে ভালো খেলবো।
বাংলাদেশে আসার আগে কিরগিজস্থানকে ৩-১ গোলে হারিয়েছে জর্ডান। আর প্রস্তুতি ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোাবাগোর বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। তারপরও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ ভাবছে ফিফা র্যাংকিংয়ে ৯১ তম জর্ডান।
জর্ডান ফরোয়ার্ড তাহা বাওয়াপ আবদুল রহমান বলেন, আমরা বাংলাদেশের ম্যাচ দেখেছি এবং তাদের নিয়ে বিশ্লেষণও করেছি। তাদের বিপক্ষে জয়টা আমাদের জন্য সহজ হবে না।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ ম্যাচটি হবে মঙ্গলবার বিকেল ৫টায়।






