ধর্মশালা টেস্ট জিতে ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফিটা শেষ পর্যন্ত ভারতের ঘরেই গেছে। তাতে সমর্থকদের কি মন ভরলো? উত্তেজনাময় একটি সিরিজ হয়েছে বটে; কিন্তু মাঠের বাইরের বিতর্কে দুই দলের সম্পর্কে ধরেছে ফাটল। ভারতীয় অধিনায়ক কোহলি তো অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্বের ইতি দেখতে পাচ্ছেন!
একেতো দলের সেরা খেলোয়াড়, তার ওপর অধিনায়ক। প্রতিপক্ষ দল থেকে শুরু করে গণমাধ্যম, এমনকি অজি বোর্ড নির্বাহী প্রধানের টার্গেটে পরিণত হয়েছিলেন কোহলি। ট্রাম্পের সঙ্গে তুলনা, ডিআরএস গেট কেলেঙ্কারি, চোট নিয়ে সমালোচনা সব কিছুর আক্রমণের শিকার হয়েছেন ওই কোহলি। তাই বলেই দিয়েছেন অজিদের সঙ্গে আর শীতল হচ্ছে না সম্পর্ক, ‘নাহ, ওদের সঙ্গে আমাদের সম্পর্কের পরিবর্তন হতে বাধ্য। আমি আগে বলেছিলাম যে, খেলার উত্তেজনা তাপ ছড়াবেই, কিন্তু ওরা আমাকে ভুল প্রমাণিত করল। আপনারা আমাকে আর এই বিষয়ে বলতে শুনবেনও না।’
যদিও অজি অধিনায়ক স্মিথ সকল অক্রিকেটীয় কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তাতে কোহলিদের মন যে ভিজছে না। অথচ সিরিজ শুরুর আগে এই কোহলিই বলেছিলেন যা কিছু মাঠে ঘটুক বন্ধুত্বে পরিবর্তন ঘটবে না। কিন্তু সিরিজ শেষে যে তার কণ্ঠেই ভাঙনের সুর!







