অস্ট্রেলিয়াতে পাঠানো অক্সফোর্ডের ভ্যাকসিন আটকে দিলো ইটালি

অক্সফোর্ডের কোভিড-১৯ ভ্যাকসিনের বোতল সংগ্রহের জন্য প্রস্তুত করা হচ্ছে, একটি ল্যাবরেটরিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্ট্রেলিয়াতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের আড়াই লাখ ডোজের একটি চালান আটকে দিয়েছে ইটালি।
ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ সদস্য দেশেই করোনার ভ্যাকসিন কার্যক্রম এখনো আশানুরূপ নয়। এর জন্য ভ্যাকসিনের সরবরাহে ঘাটতিকে বারবার দোষ দিয়ে আসছে সংস্থাটি। শুরু থেকেই ভ্যাকসিনের উৎপাদন ও রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইইউ।
বিবিসি জানায়, সেই ধারাবাহিকতায় অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ২ লাখ ৫০ হাজার ডোজ অস্ট্রেলিয়াতে পাঠানো আটকে দিলো ইইউ’র সদস্য দেশ ইটালি।
ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়া করোনাভাইরাসের কারণে অধিক ঝুঁকিতে থাকা দেশের তালিকায় নেই। তার সাথে ইউরোপজুড়ে ভ্যাকসিন স্বল্পতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দাবি ইটালির।
অস্ট্রেলিয়া বলছে, একটি চালান বন্ধ করায় তাদের ভ্যাকসিন বন্টনে মন্দ প্রভাব পড়বে না।
এদিকে ইউরোপীয় কমিশন ইটালির এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।






