অস্কারে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। অস্কারের ৮৯তম আসরে বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি।
সোমবার দুপুরে কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটিজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি বসবে অস্কারের ৮৯তম আসর।
বাংলাদেশ অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, অস্কার কমিটির একটি নীতিমালা আছে। সেই নীতিমালাতে থেকেই আমাদের ছবি বাছাই করতে হয়। অস্কারের আন্তর্জাতিক যে কমিটি আছে তাদের সাব এজেন্ট হিসেবে আমরা কাজ করি। আমরা তাদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত হই। এবং আমরা ইচ্ছা করলেই সেই নীতিমালার বাইরে যেতে পারিনা।
গত ২১ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেয়ার শেষ সময়। বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই পর্বে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত তিনটি ও খনা টকিজের একটি ছবি জমা পড়ে। সেগুলোর মধ্যে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’, মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, সুমন ধরের ‘দর্পণে বিসর্জন’ এবং রুবাইয়াত হোসেনের বানানো ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমাগুলো ছিলো।

৯ সদস্যের বাছাই কমিটি চলচ্চিত্র পরিচালক সমিতির সভায় ৮৯ তম অস্কারের আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘অজ্ঞাতনামা’র নামই চূড়ান্ত করে।
২০০৫ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ থেকে ইমপ্রেসের ১০টি চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছে। এবার অজ্ঞাতনামা মনোনীত হওয়ায় চলচ্চিত্রের প্রযোজক জানালেন প্রতিক্রিয়া।
ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে প্রযোজক ফরিদুর রেজা সাগর বলেন, অস্কারের জন্য মনোনয়ন পায় যে পরিবারের ছবি মনোনয়ন পায় তারা মনে করে, আমরা অস্কার পেয়ে গেলাম। আমাদেরও একই অবস্থা। ইমপ্রেসের এবং তৌকীরের যে ছবিটি আজ কমিটি নির্ধারণ করলেন অস্কারের জন্য সেটা আমাদের জন্য অনেক আনন্দের। আর ঠিক যখন আমরা আঠারো বছরে পা দিচ্ছি তখন আমাদের প্রযোজিত একটি ছবি অস্কারে যাচ্ছে। এটা খুবই আনন্দের। আরেকটি কথা আমি সবাইকে বলতে চাই, অস্কারে প্রতিবছর ছবি পাঠানোর ধারাবাহিকতা যেন বন্ধ না হয়। এভাবে পাঠাতে পাঠাতেই একদিন দেখবো বড় পুরস্কার আমরা নিয়ে এসেছি।
অজ্ঞাতনামা নিয়ে চলচ্চিত্র নির্মাতারা জানালেন তাদের প্রতিক্রিয়া।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহার ঝন্টু বলেন, চারটি ছবির মধ্যে এই ছবিটি আমার খুবই পছন্দ হয়েছে। এটা পাঠানোর উপযোগী বলে আমরা মনে করি।
নির্মাতা শামীম আখতার বলেন, আমাদের দেশের বাস্তবতায় থেকেই নির্মাণ হচ্ছে। সেটা যদি মানসমম্পন্ন হলেই কেবল সেটা গ্রহণযোগ্য হয়
বাংলাদেশে গত ১৯ আগস্ট মুক্তি পায় তৌকীর আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র অজ্ঞাতনামা। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপূণ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত প্রমূখ।







