বলিউডের তারকা প্রয়াত ওম পুরিকে ভোলেনি হলিউড। মনে রেখেছে এখনো। ৪৫ বছরের চলচ্চিত্র জীবনে ওম পুরি অনেকগুলো ব্রিটিশ ছবিতে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘গান্ধি’, ‘মাই সান দ্য ফ্যানেটিক’, ‘ইস্ট ইজ ইস্ট’, ‘দ্য প্যারোল অফিসার’, ‘সিটি অব জয়’, ‘উলফ’, ‘দ্য গোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস’, ‘চার্লি উইলসনস ওয়ার’। ১৯৮২ সালে ‘গান্ধি’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ওম পুরি। তার অভিনীত শেষ ছবি ব্রিটিশ–ভারতীয় ছবি ‘ভাইসরয়স হাউজ’।
আজ সোমবার অস্কার অনুষ্ঠানে ‘ইন মেমোরিয়াম’ সেশনে শ্রদ্ধা জানানো হয় ইংরেজি ভাষায় নির্মিত ছবির প্রয়াত তারকাদের। শ্রদ্ধা জানানো হয় আব্বাস কিয়ারোস্তামি, ক্যারি ফিশার, প্রিন্স, মাইকেল কিমিনো, আন্তন ইয়েলচিন, জন হার্ট প্রমুখকে। আরও ছিলেন ওম পুরি।

এদিকে অস্কার–মঞ্চের এই খবর আবেগপ্রবণ করে দিয়েছে ওম পুরির পরিবারকে। আজ সোমবার এক বিবৃতিতে ওম পুরির স্ত্রী নন্দিতা আর ছেলে ঈশান পুরি বলেন, ‘গত ২৫ বছর ধরে টানা হলিউডে তথা ব্রিটিশ সিনেমায় কাজ করা একমাত্র ভারতীয় অভিনেতা ছিলেন ওম পুরি। ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ তাঁর অবদানকে স্বীকৃতি দিয়েছে। প্রথম এবং একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে ওই স্বীকৃতি পেলেন ওম। অনেক ধন্যবাদ অ্যাকাডেমি। ধন্যবাদ সবাইকে। ওমকে আমরা মিস করছি।’

এ বছর ৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওম পুরি। ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।








