অসুস্থ নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির শারীরির অবস্থার খোঁজ নিতে আজ সকালে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেখানে তিনি আইভির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বেশ কিছু সময় অবস্থান করেন। হাসপাতাল থেকে বের হয়ে এসে সাংবাদিকদের কাদের বলেন: ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। আইভির সুস্থ হতে এখনও ৪-৫ দিন সময় লেগে যাবে। এ সময়টা আইভি হাসপাতালেই থাকবেন।
মঙ্গলবারের সংঘর্ষে আহত আইভী বৃহস্পতিবার দুপুর থেকে বেশ অসুস্থ অনুভব করেন। এরপর কয়েকবার বমি করলে তাকে স্যালাইন দেয়া হচ্ছিলো। তবুও শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন। এরপর বিকাল ৪ টায় মেয়র আইভীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে রওনা হয়।
ঢাকায় এনে তাকে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।







