রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুমনন ইউসুফের দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী-‘নভেম্বরে প্যারিস’। এবারের প্রদর্শনীতে ২১ টি আলোকচিত্র স্থান পাচ্ছে।
৪ নভেম্বর শুক্রবার বিকাল ৫.১৫ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নিয়ুক্ত ফরাসী রাষ্ট্রদূত সোফি অবের।
প্রতিটি শিল্পী চায় প্যারিস এর থেকে অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা যা হাজার বছর ধরে গড়ে তুলেছে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীরা। আলোকচিত্রী সুমন ইউসুফ সেই প্যারিস শহরে ছিলেন ২০১৫ সালের নভেম্বর মাসে একটি ‘আর্টিস্ট রেসিডেন্সি’ প্রোগ্রামে।
শহরটি দেখে মুগ্ধ হয়ে চিরাচরিত ছবি তুলতে থাকেন। তবে ১৩ নভেম্বর শুক্রবার সব পাল্টে যায়। কয়েকটি ধারাবাহিক জঙ্গি হামলায় ১৩০ জন নিহত এবং ৩৭০ জনের উপর আহত হল। সুমনের জন্য এই ভালবাসার শহরটি রূপান্তরিত হয় কান্না এবং শোকের শহরে। এই মর্মান্তিক মুহূর্তে সুমন আকঁড়ে ধরলেন তার ছবিগুলোকে, ছবি তুললেন সব মর্মান্তিক ঘটনার পরের পরিস্থিতি ও প্যারিসের মানুষের ও তাঁদের জীবনের।
সুমন ইউসুফ ফিলিপিনের এ্যাটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির এশিয়ান সেন্টার ফর জার্নালিজম থেকে ‘ভিজুয়াল লিটারেসি’ বিষয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, কম্বোডিয়াসহ, বিশ্বের বিভিন্ন দেশে তাঁর আলোকচিত্র প্রদর্শিত হয়েছে।

এছাড়াও সুমন ইউসুফ তার কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় পুরষ্কৃত হন। ২০১৫ সালে ইয়ান আর্থুছ ব্যারর্থ এর তত্ত্বাবধানে ফাউন্ডেশন অলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত জলবায়ু পরিবর্তন এর উপর একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন ।

৪ নভেম্বর শুরু হয়ে প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর-১৬ পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ ছাড়া সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ পাবে।
এছাড়া, শুক্র ও শনিবার প্রদর্শনীটি খোলা থাকবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।









