স্পোর্টস

অলরাউন্ড নাসিরে গাজী ক্রিকেটার্সের দাপট

অলরাউন্ড নাসিরে গাজী ক্রিকেটার্সের দাপট

নাসির হোসেন

প্রথমঅর্ধে পারভেজ রসুলের বোলিং, দ্বিতীয়অর্ধে শুরু থেকেই ব্যাটসম্যানদের দৃঢ়তা, মাঝে নাসিরের অলরাউন্ড নৈপুণ্য; সবমিলিয়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১১২ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে অধিনায়ক নাসিরের দল।

ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার নাসির বল হাতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে ৪২ বলে অপরাজিত ৪১ রান। সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন আগের ম্যাচে সেঞ্চুরি করা এই তারকা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের ৮ বল আগে ১৭৭ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। গাজী ক্রিকেটার্সের বোলারদের তোপের মুখে ক্রিজে থিতু হওয়ারে আগেই সাজঘরে যাওয়া-আসার মিছিলে সর্বোচ্চ ২৯ রান এসেছে উত্তম সরকারের ব্যাটে।

শুরু করেছিলেন আলাউদ্দিন বাবু ও আবু হায়দার রনি। আর মিডলঅর্ডার এবং লেজের ব্যাটসম্যানদের ছেঁটে ফেলেছেন পারভেজ। ১০ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন এই ভারতীয় অফস্পিনার। আবু হায়দার এবং আলাউদ্দিন নিয়েছেন ২টি করে উইকেট।

দুইশর নিচের লক্ষ্যকে আরো মামুলি বানিয়ে ছেড়েছেন গাজীর ব্যাটসম্যানরা। দুই উদ্বোধনী এনামুল হক বিজয় এবং জহিরুল ইসলাম হাঁকিয়েছেন অর্ধশতক। এনামুল ৫০ এবং জহিরুল ৫২ করে আউট হয়ে গেলে বাকি কাজটুকু সারেন মুমিনুল-নাসির।

মুমিনুল ইসলাম ৩০ এবং নাসির হোসেন ৪১ রানে অপরাজিত থেকে দলকে ভিড়িয়েছেন জয়ের বন্দরে। ম্যাচ সেরা গাজীর পারভেজ রসুল।

বিষয়:ঢাকা প্রিমিয়ার লিগ নাসির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…