অর্থের বিনিময়ে ‘দক্ষতার পরিবর্তে ভাগ্যের ওপর নির্ভর করা’ খেলাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালত তার রায়ে বলেছেন: ঢাকা মহানগর ও মহানগরের বাইরে থ্রি কার্ড, ফ্লাস, হাউজি, নিপুণ খেলার আয়োজন করা অপরাধ। এসকল খেলায় ‘দক্ষতার পরিবর্তে ভাগ্যের ওপর নির্ভর করা হয়।’ তাই যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, তারা আইনের দৃষ্টিতে অপরাধী।
আদালত রায়ে এ ধরনের খেলার অনুমতি দাতা, আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে এসব খেলার সরঞ্জামাদি জব্দ করতে বলেছেন।
এছাড়া আদালত তার রায়ে বলেছেন, সংশ্লিষ্ট আইন সংশোধনের মাধ্যমে এ ধরনের অপরাধের শাস্তির মেয়াদ বাড়ানো উচিত।
ঢাকা ও উত্তরা ক্লাবসহ দেশের ৫ জেলার ১৩টি ক্লাবে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। সে রুলের শুনানি নিয়ে রুল যথাযথ ঘোষণা করে সোমবার রায় দিলেন হাইকোর্ট।
আদালতে ঢাকা ক্লাবের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আর এসংক্রান্ত বিষয়টি নিয়ে জনস্বার্থে করা রিটের পক্ষে ছিলেন আইনজীবী রেদওয়ান আহমেদ রানজিব।







