সানিয়া সুলতানা লিজা। ২০০৮ সালে ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন হওয়া জনপ্রিয় একজন সংগীতশিল্পী। নিয়মিত গান চর্চাকে চালিয়ে যাচ্ছেন তিনি, এছাড়া একের পর এক মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। বদরুল আলম সৌদের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘গহীন বালুচর’-এ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। গান, অভিনয়ে আগ্রহসহ নানাদিক নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হলো তার-
কথার শুরুতেই লিজার কাছে জানতে চাওয়া হয়, সিনেমার গানেতো অনেকবার কণ্ঠ দিয়েছেন। কিন্তু চলতি মাসে মুক্তি প্রতীক্ষিত ‘গহীন বালুচর’ ছবির টিমের সাথে কাজ করতে কেমন লাগলো? এমন প্রশ্নে উচ্ছ্বসিত লিজা বলেন, ‘ভীষণ ভালো লেগেছে। আমি এই টিমের প্রেমে পড়ে গেছি। তারা আমাকে এতটা আপন করে গ্রহণ করেছে, যা আমার কাছে ছিল একটা বড় পাওয়া। যেকোন গান প্রকাশ পেলে সাধারণত তার প্রমোশন নিয়ে ভাবতে হয়। কিন্তু আমাকে এখানে তা ভাবতে হয়নি। তারা সিনেমার প্রমোশনের সাথে সাথে আমার গানটাকেও সমানভাবে প্রমোট করেছে।’
গানটা কি ছিল জানতে চাইলে বলেন: গানটা ছিল ‘ তারে দেখি আমি রোদ্দুরে, দেখি আলোছায়াতে…..। এটা ছিল একটা একক গান। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন ইমন সাহা এবং গানের কথা লিখেছেন বদরুল আলম সৌদ।
সানিয়া সুলতানা লিজা
সিনেমার গান ছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছে লিজার মিউজিক ভিডিও ‘ভালোবাসি বলা হয়ে যাক’। গানটি নিয়ে তিনি বলেন, এবারের মিউজিক ভিডিওটা একটু রোমান্টিক ধাঁচের। বেশ ভালো সাড়া পাচ্ছি। মাত্র ৪ দিন হলো এটা ছাড়া হয়েছে। অল্প সময়ে এটার রেসপন্স অনেক বেশি।
বেশ কিছুদিন আগেও মুক্তি পেয়েছিল লিজার আরেকটি মিউজিক ভিডিও ‘পাগলী সুরাইয়া’। তাতেও জনপ্রিয়তার দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছেন লিজা। সেখানে তাকে দেখা যায়, বেশ চঞ্চল মাতিয়ে তোলা একটি মেয়ে রূপে। সামনে কোনো নতুন ঢঙে দেখা যাবে কিনা জানতে চাইলে বলেন, এটা হবে আগের দুটোর চেয়ে ভিন্ন ধাঁচের। একের পর এক মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে, সেগুলোতে অভিনয়ও করছেন তিনি। ভবিষ্যতে বড় পরিসরে নাটক কিংবা সিনেমায় অভিনয়ে আসতে চান কিনা এমন প্রশ্নে লিজা বলেন, ‘অভিনয়ে মোটেও আগ্রহ নেই আমার।’
ছবি: তানভীর আশিক







