দীর্ঘ এক বছর বিরতির পর আবারো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হয়ে ঢাকা এসেছেন নেদারল্যান্ডসের লোডভিক ডি ক্রুইফ। মঙ্গলবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
২০১৫ সালের সেপ্টেম্বরে ডি ক্রুইফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর তা আর বৃদ্ধি করেনি বাফুফে। তবে নতুন মেয়াদে কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হলে আবারো স্বল্প মেয়াদের জন্য তাকে ফিরিয়ে আনা হলো।
এশিয়ান কাপের বাছাইয়ের প্লে- অফে আশানুরুপ ফলের প্রত্যাশায় এই মাসের শুরুতেই ক্রুইফের দারস্ত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে দায়িত্ব পাওয়ার ১ সপ্তাহের বেশী সময় পর ঢাকায় আসলেন এই ডাচ কোচ।
এর আগে ২০১৩’র জুনে জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পান ক্রুইফ। ১৬ মাস পরই তাকে প্রথমবার বরখাস্ত করে বাফুফে। ২০১৫ বঙ্গবন্ধু গোল্ডকাপের সময় ১ মাসের জন্য আবারো ফিরিয়ে আনা হয় ডাচ কোচকে। সেবার রানার আপ হওয়ায় চুক্তির মেয়াদ বাড়ে ক্রুইফের। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রোলিয়ার কাছে ৫-০ গোলে হারার পর চাকরির মেয়াদ বাড়ায়নি বাফুফে। মাঝে ইতালিয়ান ফাবিও লোপেজ ও দেশীয় কোচ মারুফুল হক দায়িত্ব নিলেও ফুটবলের ব্যর্থতার দায় অব্যহত রাখেন মামুনুল-জাহিদরা।
এবার এশিয়ান কাপ বাছাইয়ের টিকে থাকার শেষ আশায় ক্রুইফ’কেই বেছে নিয়েছে বাফুফে। আগামী ২ ও ৭ জুন তাজিকিস্তানের বিপক্ষে দুশানবে এবং ঢাকায় দুটি প্লে-অফ ম্যাচ খেলবে বাংলাদেশ।
এক মাসের চুক্তিতে ক্রুইফ বাংলাদেশে এলেও ম্যাচের আগে জাতীয় দলকে অনুশীলন করানোর জন্য মাত্র দুই সপ্তাহের সময় পাবেন তিনি। যদিও তার ডেপুটি সাইফুল বারী টিটু আগে থেকেই গুছিয়ে রাখছেন তার কাজ।
এদিকে সকালে একই ফ্লাইটে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া। বিকেল সাড়ে ৪টায় ক্রুইফ ও দলের সবার সাথে তিনিও যোগ দিবেন নির্ধারিত অনুশীলনে।








