দীর্ঘ সাতমাস ধরে ঢালিউডের সুপারহিট নায়িকা অপু বিশ্বাস নিখোঁজ। চলচ্চিত্র শিল্পীসহ তার অনেক কাছের মানুষরা জানেন না তিনি কোথায় আছেন। তবে চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বললেন, ‘অপু ভারতে আছেন, কিন্তু এর চেয়ে বেশি কিছু জানি না’।
চ্যানেল আই অনলাইনে চিত্রনায়ক অমিত হাসান বলেন, অপু কোথায় আছে সেটা আমাদের জানার কথা না, কিন্তু তিনি যখন একাধিক ছবি রেখে করে উধাও হন সেজন্যই আমাদের মাথাব্যাথা।
ছবির পরিচালকরা পাগলের মতো প্রতিদিনই অপুকে খুঁজতে আসছেন। আর সেকারণেই অপুকে খুঁজে পাওয়া একান্ত দরকার।
অপু ভারতে আছেন এ তথ্য আপনি কিভাবে পেলেন প্রশ্ন করলে চ্যানেল আই অনলাইনকে অমিত হাসান বলেন, চিত্রনায়ক শাকিব খানকে যখন অপুর কথা জিজ্ঞেস করা হলো শাকিব তখন বললেন, অপু ভারতে আছে, খুব ভালো আছে। এবং শিগগিরই ফিরে আসবে।
অপু কেন ভারতে? অমিত বলেন, অপুর মায়ের অপারেশন হয়েছে আর সেকারণেই অপু ভারতে রয়েছে। তবে তার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। শাকিব খানের কাছ থেকে এ তথ্য ছাড়া আমাদের কাছে আরে কোনো তথ্য নেই।
একসময়ে সেনসেশন অপু বিশ্বাসে নিখোঁজ হওয়ার কারণে পাঁচটি ছবির কাজ শেষ করতে পারছেন না নির্মাতারা। বিপদে পড়েছেন এসব ছবির প্রযোজকেরাও। ছবিগুলোর মধ্যে রয়েছে, ‘রাজনীতি’, ‘পাঙ্কু জামাই’, ‘মা’ ‘লাভ ২০১৬’র মতো ছবি।
অপুর জন্য ঝামেলায় পড়া পরিচালক প্রযোজকদের কাছ থেকে লিখিতভাবে অভিযোগ পেলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। 
তিনি বলেন, অপু বিশ্বাসের কারণে পরিচালক ও প্রযোজকেরা ঝামেলায় পড়েছেন, সেটা আমাদের জানাননি। তবে মৌখিকভাবে অনেকে বলেছেন। লিখিতভাবে কেউ বললে, আমরা শিল্পী সমিতির সাহায্য নিয়ে তারপর পদক্ষেপ নেব।








